লক্ষীর ভান্ডার ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি, গঙ্গারামপুরে তৃণমূলের ধন্যবাদ মিছিল
রাজ্য সরকারের ঘোষিত অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের মাসিক ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় খুশির আবহ ছড়িয়েছে মহিলাদের মধ্যে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেলে গঙ্গারামপুর শহরে ধন্যবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
গঙ্গারামপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলটি শুরু হয় গঙ্গারামপুর শহরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে। সেখান থেকে চৌপথি মোড় ঘুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ের সামনে এসে মিছিলের সমাপ্তি হয়।
মিছিলে অংশ নেন বহু মহিলা কর্মী ও সমর্থক। অনেকেই সবুজ আবির মেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানান। কেউ কেউ প্রতীকী ‘লক্ষীর ভান্ডার’ কোলে নিয়ে মিছিলে সামিল হন।
মিছিলে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শংকর সরকার, টাউন প্রেসিডেন্ট কাঞ্চন সেন, তৃণমূল মহিলা সমিতির গঙ্গারামপুর ব্লক প্রেসিডেন্ট পম্পা প্রামাণিক বসাক, টাউন প্রেসিডেন্ট বিভা ধর সাহা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।

0 Comments